প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:১০ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:৪৭ এ.এম.

রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন

মো.রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঐতিহ্যবাহী জামদানি শিল্পের বিকাশ, দক্ষ কারিগর তৈরি ও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের ‘জামদানি বুনন প্রশিক্ষণ’ প্রথম কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে রূপগঞ্জের তারাবো বিসিক জামদানি শিল্পনগরী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে এবং বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ ও উন্নয়ন বিভাগ, বিসিক ঢাকা-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিল ও পাওয়ারলুম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিকের যুগ্মসচিব ও পরিকল্পনা ও সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা কাজী নজরুল ইসলাম, বিসিক ঢাকার মহাব্যবস্থাপক জেসমিন নাহার এবং বিসিক ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মানছুরুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।

বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে টিকিয়ে রাখা এবং বিশ্ববাজারে এর গুণগত মান ও সুনাম ধরে রাখতে দক্ষ কারিগর তৈরির কোনো বিকল্প নেই। জামদানি বুনন প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা আরও বলেন, পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগর তৈরি করা গেলে জামদানি শিল্পের উৎপাদন ও গুণগত মান বাড়ানোর পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এ শিল্পের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। এ প্রশিক্ষণ কর্মসূচি জামদানি শিল্পের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।