প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:১০ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:৪১ এ.এম.

রাতের আঁধারে ডাকাত আতঙ্ক, গুলিতে আহত তমিজ উদ্দিন

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়েছেন ৬৫ বছর বয়সী তমিজ উদ্দিন। গত ১২ তারিখ রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন প্রায় ১৮ বছর ধরে চেয়ারম্যানের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। ঘটনার রাতে ক্ষুধা লাগায় খাবার কেনার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির সামনে কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তিনি চিৎকার করে ওঠেন।

চিৎকার শুনে মুখোশধারীরা তমিজ উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। এতে তার পায়ে গুলি লাগে। পরে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ১৩ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে ভুলতা ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি গুলিবিদ্ধ তমিজ উদ্দিন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন।

এসআই মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।