মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে এক নারী হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই তানিয়া (২৭) নামে এক তরুণীর গলায় পোচ দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
আহত তানিয়া কালিকাপুর এলাকার হালান শরিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর কালিকাপুর এলাকায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে পারিবারিকভাবে তানিয়ার ফুফু-ভাতিজির সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই আজ তানিয়ার ওপর হামলার ঘটনা ঘটায় এলাকায় নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুখোশ পরিহিত অজ্ঞাত দুইজন ব্যক্তি তানিয়ার গলায় পোচ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হামলাকারীদের কাউকে তানিয়া শনাক্ত করতে পারেননি বলে জানা গেছে।
এ ঘটনায় হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট দুই ঘটনায় কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
আহত তানিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।