মো. রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করা হয়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে আলতাফ হোসেন ডিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার রাতে উপজেলার পলখান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫-১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যায়।
এ সময় বাবুল মিয়াকে না পেয়ে একটি দোকানে বসে থাকা তার কলেজপড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাত হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের রক্ষা করতে এগিয়ে এলে সাত্তার নামে আরও এক যুবককেও কুপিয়ে জখম করা হয়।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে আলতাফ হোসেন ডিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।