প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৭:৫৮ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২৬, ১০:৪২ পি.এম.

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের কারণে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে পূর্ববিরোধের কারণে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তেও সংঘর্ষ হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনার পর আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলায় সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি বালিয়াকান্দি থানায় ৭ নম্বর মামলা হিসেবে ১৩ আগস্ট ২০২৬ তারিখে নথিভুক্ত হয়েছে। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩৭৯, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় হামলা, মারধর, হত্যাচেষ্টা ও অন্যান্য অপরাধের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নতুন করে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এদিকে মামলার অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।