প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৭:৩৭ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২৬, ৭:০৪ পি.এম.

নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি, নিসচার সেরা উপজেলা সভাপতি কিশোরগঞ্জের মোবারক

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য ধারাবাহিকভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ‘সেরা উপজেলা সভাপতি’ পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন সুমন।

গতকাল রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিসচা-এর ১১তম মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাদের উপস্থিতিতে তাকে এই পুরস্কার দেওয়া হয়। ‘নিরাপদ সড়ক চাই, We Demand Safe Road’ স্লোগান নিয়ে আয়োজিত এই সমাবেশে সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন অনুসরণ এবং জনগণের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হাবিবুর রশিদ। এছাড়া নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচা অনেকদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। চালক ও পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করা, দ্রুত গতির বিরুদ্ধে প্রচারণা, নিরাপদে সড়ক পারাপার এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম করা হচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, “সড়ক নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সদর উপজেলা নিসচার সদস্যরা সক্রিয় রয়েছেন। মোবারক হোসেন সুমনের নেতৃত্বে এসব কার্যক্রমের ফলে স্থানীয় পর্যায়ে নিসচার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।”

পুরস্কার পাওয়ার পর মোবারক হোসেন সুমন বলেন, “এই অর্জন কেবল আমার নয়, কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচা-এর সকল সদস্যের। তাদের পরিশ্রম ও সহযোগিতার কারণেই এই স্বীকৃতি এসেছে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে আমরা সবাই একসঙ্গে কাজ চালিয়ে যাব।”

মহাসমাবেশে বক্তারা বলেছেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; চালক, পথচারী, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন অনুসরণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তারা।

মোবারক হোসেন সুমনের এই পুরস্কার পাওায় কিশোরগঞ্জের নিসচা সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের আশা, এই স্বীকৃতি সদর উপজেলায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠা ও জনসচেতনতা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।