টাঙ্গাইলের কালিহাতী থানাকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও জনগণের জন্য সুবিধাজনক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর সরাসরি নেতৃত্বে ৩ আগস্ট দুপুরে থানার প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী বড় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওসি (তদন্ত) আব্দুস সালাম, থানার বিভিন্ন এসআই, এএসআই, কনস্টেবল এবং অন্যান্য পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশ নেন। অভিযানের শুরুতে ওসি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও কাজের পরিবেশ উন্নতির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে সবাই একসঙ্গে থানা চত্বর, প্রশাসনিক ভবন, অফিস কক্ষ, হাজতখানা, প্রবেশপথ, ড্রেনেজ ব্যবস্থা ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। একই সময়ে জমে থাকা আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কাজ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “পরিচ্ছন্নতা একটি সভ্য ও সেবামুখী প্রতিষ্ঠানের গুরুত্ত্বপূর্ণ পরিচয়। থানায় সেবা নিতে আসা প্রতিটি মানুষ যেন পরিষ্কার, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। এটি একদিনের কর্মসূচি নয়; ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালিত হবে।”
ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, “পরিচ্ছন্ন কাজের পরিবেশ দায়িত্ব পালনে ভালো প্রভাব ফেলে। থানার প্রতিটি সদস্যকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করা হয়েছে। জনগণের আস্থা ও সেবার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অভিযান শেষে থানার কর্মকর্তা ও সদস্যরা পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল কালিহাতী থানার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন কার্যক্রম সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ভালো বার্তা পৌঁছাতে সাহায্য করবে।