মাদারীপুর সদর থানার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত এবং বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলার পলাতক আসামী বিপ্লব মাতুব্বর (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মাদারীপুর সদর মডেল থানার মোস্তফাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে সদর মডেল থানায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন সদর মডেল থানার এসআই মো. জিয়াউর রহমান।
এই সময়ে পিএসআই আলী হাসান, এএসআই সাফিনুর রহমান এবং অন্যান্য ফোর্সও অংশ নেন। অভিযানের সময় মোস্তফাপুর বাজার এলাকা থেকে বিপ্লব মাতুব্বরকে আটক করা হয়।গ্রেফতারকৃত বিপ্লব মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকার বিল্লাল মাতুব্বরের ছেলে।
| বর্ষায় প্রাণবন্ত চলনবিল: সিংড়া নৌকা ঘাটে ভ্রমণের ধুম |
পুলিশের তথ্যমতে, বিপ্লব মাতুব্বর ডাকাতি প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি অনেকদিন ধরে পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারিহা রফিক ভাবনা বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদারীপুর জেলা পুলিশের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।