’বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে উজ্জ্বল আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬।
শুক্রবার (২৪ জুলাই) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা, মাদারীপুর- ২ আসনের জাতীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার ফিতা কেটে বৃক্ষ মেলার অফিসিয়াল উদ্বোধন করেন। পরে শান্তি, সম্প্রীতি ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে আকাশে শান্তির প্রতিনিধিত্বকারী সাদা কবুতর উড়িয়ে দেওয়া হয়।
এরপর একটি উজ্জ্বল র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ লাগানোর পাশাপাশি তা যত্ন নেওয়ার জন্যও আহ্বান জানান তারা।
| খুলনার লবণচরায় পিস্তল-গুলিসহ দুইজন গ্রেপ্তার |
বৃক্ষ মেলায় বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলায় আগত দর্শকদের পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সব স্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।