কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পূর্বতারাপাশা এলাকায় মাদক ব্যবসা নিয়ে জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে চিহ্নিত মাদক আস্তানা পরিদর্শন করেছেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার শরিফুল ইসলাম আরজু।
শুক্রবার জুমার নামাজের পর পূর্বতারাপাশা ইদ্রিসিয়া জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে নিয়ে তিনি এলাকার বিভিন্ন স্থানে ঘুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আস্তানা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের নেতা দুলাল, ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন পেশার মানুষ, যুবসমাজ ও সাধারণ এলাকাবাসী।
পরিদর্শনকালে সাবেক কমিশনার শরিফুল ইসলাম আরজু মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের মাদক ব্যবসা ও মাদকের আস্তানা স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব মাদকের আস্তানা উচ্ছেদ ও ধ্বংস করা হবে।
তিনি আরও বলেন, “মাদক আমাদের যুবসমাজ, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে একত্রিত হতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে এই এলাকায় ছাড় দেওয়া হবে না।”
| কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার |
উপস্থিত বক্তারাও বলেন, মাদকমুক্ত পূর্বতারাপাশা গড়ে তুলতে স্থানীয় জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক প্রতিরোধ ভবিষ্যতেও চলবে বলে তারা কথা দেন।
এ সময় বিভিন্ন শ্রেণির মানুষ, ছাত্রসমাজ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মসজিদের মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে মাদকবিরোধী এই কর্মসূচিতে সমর্থন জানান। এলাকাবাসীর আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পূর্বতারাপাশা এলাকায় মাদক ব্যবসা নির্মূল করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।