প্রিন্ট এর তারিখ: জুলাই ২৩, ২০২৬, ৪:৩১ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২৬, ২:৫৩ পি.এম.

ইতালিতে পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচার মামলায় দম্পতি গ্রেফতার

‎মোঃ রেজাউল করিম, ‎মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

ইতালিতে পাঠানোর লোভ দেখিয়ে প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে মাদারীপুর সদর উপজেলার কুমারটেক এলাকার বাসিন্দা দবির আকন ও তার স্ত্রী লাকি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলায় দোলা আক্তার ও আজবির আকনের নামও আসামি হিসেবে রয়েছে।

‎মামলা ও আদালত সূত্রে জানা যায়, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেন। এই উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৩৬ লাখ টাকা নেওয়া হয়। তবে ইতালিতে পাঠানোর বদলে তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলায় অভিজ্ঞান করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর ভুক্তভোগীকে প্রায় ১১ মাস আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এই সময় তার পরিবারের কাছ থেকে আরও টাকা আদায়ের জন্য নানা চাপ দেওয়া হয়।

‎পরবর্তীতে কোনরকমে দেশে ফিরে এসে ভুক্তভোগী অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে, তারা টাকা না দিয়ে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করেন। এরপর বাধ্য হয়ে ভুক্তভোগী মাদারীপুরের বিশেষ মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আরোও পড়ুন

মাদারীপুরে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

‎আদালতের নির্দেশে মামলার আইনগত কার্যক্রম শুরু হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামি দবির আকন ও লাকি বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

‎সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।