প্রিন্ট এর তারিখ: জুলাই ২১, ২০২৬, ৭:১২ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ১২:৫০ এ.এম.

কালিহাতীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন গড়া তাঁর মূল লক্ষ্য। উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার গুণ বৃদ্ধি এবং জনগণের সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে বিশ্বাস ও সমন্বয় রেখে জনকল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মান বৃদ্ধির সুযোগ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করার বিষয়ে তাঁদের মতামত প্রকাশ করেন। উন্মুক্ত আলোচনায় প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সাংবাদিকদের প্রতিনিধিত্ব করেন সিনিয়র সাংবাদিক শাহ আলম, রশিদ আব্বাসী এবং সৈয়দ মহসিন হাবিব সবুজ।সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন, “গণমাধ্যম ও প্রশাসন পরস্পরের বিরোধী নয়, বরং জনগণের কল্যাণে একে অপরের সহায়ক। বৈজ্ঞানিক সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়নের ছবি তুলে ধরা হবে এবং জনগণের সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা হবে। প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সহমর্মিতা, তথ্যের অবাধ প্রবাহ এবং সমন্বিত উদ্যোগ জনসেবাকে আরও সক্রিয় করবে।”

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।