মোঃরিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মাসাবো থেকে তেতলাবো পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক এখন যেন দুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ভাঙাচোরা সড়ক ও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বেহাল দশার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে পারছে না বলেও অভিযোগ স্থানীয়দের।
মাসাবো থেকে তেতলাবো পর্যন্ত এই সড়কের ওপর নির্ভরশীল ১২ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।
তবে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন, “তারাবো পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম জয়। তিনি জানান, পৌরসভার মাস্টারপ্ল্যান করা হচ্ছে। যেসব রাস্তার অবস্থা খুবই খারাপ, সেগুলো দ্রুত সংস্কারের চেষ্টা করা হচ্ছে।”
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সড়কটি সংস্কার করে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে।