মো:রিয়াদ, রূপগঞ্জ ( নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দীর্ঘকালীন জলাবদ্ধতা সমস্যা মোকাবেলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সুইচ গেইট নির্মাণের জন্য নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু) প্রস্তাব দিয়েছেন।
সূত্র অনুযায়ী, বর্ষাকালে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে স্থানীয়রা দীর্ঘ সময় ধরে ভোগান্তির শিকার হন। এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে সুইচ গেইট নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরা হলে, বিষয়টিকে গম্ভীর ভাবে নিয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুইচ গেইট নির্মাণের সুপারিশ করেছেন।
এলাকার মানুষের আশা, সুইচ গেইট নির্মাণের কার্যক্রম শুরু হলে জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং বর্ষাকালে মানুষের ভোগান্তিও অনেকটা কেটে যাবে।
এই উদ্যোগে সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার জন্য গোলাকান্দাইল ইউনিয়নের ভবিষ্যৎ চেয়ারম্যান ওমর হোসেন-কে স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয়দের আকাঙ্ক্ষা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সুইচ গেইট নির্মাণের কাজ বাস্তবায়ন করবে, যাতে গোলাকান্দাইল ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত হয়।