প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ১১:২০ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২৬, ৪:৪৪ পি.এম.

পলাশে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষ সাফল্য জনতা আদর্শ বিদ্যাপীঠের

মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরি মিলিয়ে সর্বাধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করায় প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। ফলে মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।

প্রধান শিক্ষক মাসুদ খান বলেন, এ সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— সাইফ উদ্দিন, রাইয়ান আফরাদ, আয়াত ইসলাম, মোহাম্মদ সাদ ইসলাম, এস কে ফাহিমা রাইসা, তানজিদা আল আমিন নুহা, ফাতেহা, তাসফিয়া জান্নাত নুহা, জান্নাতুল ফেরদৌস তানহা, খাদিজা জাহান খুশবো এবং মাসনুন আল আনুভা।

সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে— তাহফিম হাসান, মোহাম্মদ জাইন ভূঁইয়া, আব্দুল আলিম, অধিশ্রী দাস পৃথা, সামিয়া ইসলাম এবং মোছা. মিথিলা।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।