প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ১২:৪৬ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ১:৩৬ পি.এম.

নারীর অধিকার ও মানবকল্যাণে কাজ করছে খান ফাউন্ডেশন: ড. মঈন খান

‎মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, খান ফাউন্ডেশন সারা দেশে ঋণ সহায়তা কার্যক্রমের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং মানবকল্যাণ মূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, তাঁর মা বেগম খোরশেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের অবহেলিত ও নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় ফাউন্ডেশন মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি নারীদের উদ্দেশে বলেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। অধিকার আদায়ে নিজস্ব উদ্যোগ ও সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, খান পরিবার সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. মঈন খানের সহধর্মিণী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মিলিনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। শেষে বেগম খোরশেদা বানুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।