প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৪৮ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৭, ২০২৬, ৮:২৯ পি.এম.

উখিয়ায় র‍্যাবের অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ জানায়, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেলে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল হাজিরপাড়ার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় এক নারীকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার এক সহযোগী পালিয়ে যান।

পরে স্থানীয়দের উপস্থিতিতে বসতঘর ও একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া শাকিলা শারমিন রেশমী (২২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির পাশাপাশি পলাতক অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।