প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৬:০৯ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১, ২০২৬, ৩:৩৭ পি.এম.

টেকনাফে বিজিবির অভিযানে এক আসামিসহ ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১ ব্যক্তিকে আটক এবং এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ বিজিবি সূত্রে জানা যায়, পহেলা জুলাই নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া খবর, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেট এর একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিকল্পনা অনুযায়ী, শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় বিজিবির একটি বিশেষ দল গোপনে অবস্থান নেয়। পরে প্রযুক্তিগত নজরদারিতে মিয়ানমার সীমান্তের দিকে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণের একপর্যায়ে একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

বিজিবির নৌ টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক ব্যক্তি জাগীর হোসেন (২৮), তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, রাডারভিত্তিক পর্যবেক্ষণ, স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি জব্দ করা ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।