এম, এ মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের রামু উপজেলায় মো. ওসমান (৬০) নামে একজন শ্রমিক ভুলবশত সালফিউরিক এসিড পান করে মারা গেছেন, যেটিকে তিনি পানির বোতল ভেবে নিয়ে ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত ওসমান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মৃত ইসলামের সন্তান ছিলেন তিনি ছিলেন একজন শ্রমিক এবং তার স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ পরিবারে একমাত্র উপার্জনকারী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ১০টার সময় তিনি বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন এবং তৃষ্ণা লাগলে পাশে রাখা একটি বোতল থেকে পানি ভেবে তিনি পান করেন পরে তার স্বাস্থ্য দ্রুত সংকটাপন্ন হয়ে পড়লে পরিবারের সদস্যরা সেই বোতলটি পরীক্ষা করেন এবং দেখেন, ভিতরে পানি নয়, সালফিউরিক এসিড ছিল।
পরে তাঁকে তৎক্ষণাৎ কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী এটি একটি দুর্ঘটনা হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। ভুক্তভোগী অসাবধানতাবশত এসিডকে পানির বোতল মনে করে পান করেছিলেন।
নিহতের দেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনাটি নিছক দুর্ঘটনা কিনা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ বিদ্যমান আছে, সে বিষয়ে স্থানীয়রা নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।