Site icon দৈনিক নবদিগন্ত

টেকনাফে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪১১ অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

টেকনাফে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪১১ অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

টেকনাফ ২ বিজিবির মানবিক প্রচেষ্টা: টেকনাফে একটি বিশেষ চিকিৎসা শিবিরের মাধ্যমে ৪১১ অসহায়, দরিদ্র ও অসচ্ছল ব্যক্তির মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষা, মাদকদ্রব্য ও চোরাকারবারের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও দুর্বল জনগণের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।এই প্রেক্ষাপটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর উদ্যোগে টেকনাফ উপজেলার গরিব, অসহায় ও দুস্থদের জন্য একটি বিশেষ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

২৪ জুন বুধবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে এই বিশেষ  চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

উক্ত শিবিরে বিএ-১০২৩০১ মেজর মোহাম্মদ ফয়জুল হক, এএমসি, ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার, সেক্টর সদর দপ্তর, রামু এবং বিএ-১০২৫২৯ মেজর মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ, এএমসি, মেডিক্যাল অফিসার, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করেন।

শিবিরে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০৩ জন পুরুষ, ২২৩ জন নারী এবং ৮৫ জন শিশু সহ মোট ৪১১ জন দরিদ্র, অসহায় এবং দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করা হয়। একইসাথে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তার এবং আস্থার প্রতীক।” বিজিবি মহাপরিচালকের এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য বিজিবি সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য ও চোরাকারবার প্রতিরোধের পাশাপাশি সীমান্তের জনগণের স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, বিজিবির মানবিক দায়িত্ব হিসেবে সীমান্তের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা অপরিহার্য।ভবিষ্যতে টেকনাফ ব্যাটালিয়নের এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Exit mobile version