Site icon দৈনিক নবদিগন্ত

কোম্পানীগঞ্জে প্রবীণ আলেম মাওলানা মোস্তফা সুফির ইন্তেকাল

কোম্পানীগঞ্জে প্রবীণ আলেম মাওলানা মোস্তফা সুফির ইন্তেকাল

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এ প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সুফি (রঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

জানা যায়, তিনি বসুরহাটের আশরাফুল উলূম (কাওমী) মাদ্রাসা-এর প্রধান শিক্ষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষাজীবনে তিনি স্থানীয় হাজারীহাট আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করে ফেনীর সোনাগাজীর দারুল উলুম আল হোছাইনিয়া ওলামাবাজার মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি তার নানা মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে আশরাফুল উলূম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ প্রায় ৫৮ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

সহজ-সরল জীবনযাপন ও আধ্যাত্মিকতার জন্য স্থানীয়দের কাছে তিনি ‘সুফি’ নামে পরিচিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয়ে ও ৪ ছেলের জনক। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য ছাত্র-শিক্ষক ও গুণগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version