Site icon দৈনিক নবদিগন্ত

আলীকদমে যুব সংঘের হাতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আলীকদমে যুব সংঘের হাতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

আলীকদম (বান্দরবান)

বান্দরবানের আলীকদমে মাদক নির্মূলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নজির মেম্বার পাড়া এলাকায় ‘নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ’-এর সদস্যরা অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী ও দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বার পাড়া এলাকায় সন্দেহভাজন ঘোরাঘুরি করার সময় দুই যুবককে আটক করেন ‘নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ’-এর সদস্যরা। আটককৃতরা হলেন— মোঃ মামুন ইসলাম রানা (২১), পিতা- বাদশা মিয়া, এবং মুবিন মিয়া (২৬), পিতা- মনজুর আলম। এসময় তাদের তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত দুই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী সেতারা বেগমের (২৭) নিকট হতে অধিক লাভের আশায় তারা এই মাদক ক্রয় করেছিল। সে নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়ার ফরিদ আলমের স্ত্রী।

যুব সংঘের সদস্যরা তাৎক্ষণিকভাবে কৌশলে ইয়াবা ব্যবসায়ী সেতারা বেগমকেও আটক করতে সক্ষম হয়। ঘটনার পর আলীকদম থানায় খবর দেওয়া হলে এসআই আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং তিন আসামিকে আটক করে থানায় নিয়ে আসে।

আলীকদম থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, প্রশাসনের পাশাপাশি যুব সমাজ যদি এভাবে এগিয়ে আসে তবে আলীকদমকে দ্রুত মাদকমুক্ত করা সম্ভব হবে।

Exit mobile version