Site icon দৈনিক নবদিগন্ত

আলীকদমে তামাকের চুল্লিতে আগুন: নি:স্ব তামাক চাষি

আলীকদমে তামাকের চুল্লিতে আগুন: নি:স্ব তামাক চাষি
নিজস্ব প্রতিবেদক
আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক পাতা পোড়ানোর চুল্লি (তন্ডুল) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সিদ্দিক কারবারি পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
এতে চুল্লিতে থাকা ৩০০ কেজির বেশি তামাক পাতাসহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে সিদ্দিক কারবারি পাড়ার বাসিন্দা মোঃ ইসমাইল হোসেনের বাড়ির সামনের নিজস্ব তামাক পোড়ানোর চুল্লিতে আগুন লাগে।
তামাক পাতা শুকানোর জন্য চুল্লিতে ব্যবহৃত নিজস্ব আগুন থেকেই দুর্ঘটনাবশত এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাঁশ ও টিনের তৈরি পুরো চুল্লি ঘরে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে চুল্লিতে থাকা প্রায় ৩০০ থেকে ৩৫০ কেজি তামাক পাতা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বাঁশ ও টিনের তৈরি অবকাঠামোসহ আগুনে পুড়ে আনুমানিক তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান।
খবর পেয়ে আলীকদম উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Exit mobile version