Site icon দৈনিক নবদিগন্ত

আলীকদমে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

আলীকদমে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

মো. রেজাউল করিম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ১নং সদর ইউনিয়নের অংবাইঅং পাড়াকেন্দ্রে এক শিশুকে টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই মহতী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নির্দিষ্ট বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টিকাদান কার্যক্রমে সরাসরি সহায়তা করেন ইপিআই স্বাস্থ্য সহকারী জনাব উচং মে মার্মা ও সহযোগী স্বাস্থ্যকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুদের জন্য দীর্ঘমেয়াদী শারীরিক ঝুঁকির কারণ হতে পারে। এই টিকাদান কর্মসূচির মূল লক্ষ্য হলো ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। বক্তারা সকল সচেতন অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের আগে আজ সকাল ৯টা থেকেই উপজেলার আরও ১১টি পাড়াকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দুর্গম পাহাড়ের প্রতিটি প্রান্তে শিশুদের এই সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন।

Exit mobile version