মোহাম্মদ হোসাইন, টেকনাফ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ জহির (১৯) নামে আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের (সাবেক আশ্রয়কেন্দ্র) সামনে ইট সলিং রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন জহিরকে আটক করে দেহতল্লাশি করা হয়।
র্যাবের দাবি, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে। তার এফসিএন নম্বর ২০২৬০০।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির নিজেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।