প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:০৬ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ২২, ২০২৬, ৬:২৬ পি.এম.

মানবিকতার পথে স্বপ্নতরীর পাঁচ বছর, মানুষের পাশে থাকার অঙ্গীকার

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধিঃ

মানবিকতা, তরুণ শক্তি ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে পথচলার পাঁচ বছর সম্পন্ন করেছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। মানুষের সংকটে সহযোগিতা করা, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য উদ্বুদ্ধ করা এবং সমাজকল্যাণে সহায়তার অঙ্গীকারে কক্সবাজারে বিভিন্ন আয়োজনের মাধ্যমে সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষ ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হন। অনুষ্ঠানে স্বপ্নতরীর পাঁচ বছরের মানবিক যাত্রা, বিভিন্ন সামাজিক উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন। প্রধান আলোচক ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুতাহেরুল হক সিআইপি।

এ সময় আরও ছিলেন পাহাড়তলী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাশেদুল হক, দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট শওকত ওসমান, ইয়াসিদের প্রধান নির্বাহী কায়সার হামিদ, দক্ষিণ রুমালিয়ার ছরা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল আজমসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

বর্ষপূর্তি আয়োজনে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি, হাসিমুখ ফাউন্ডেশন, তারুণ্যের অভিযাত্রিক, সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, জায়েদা, YOSD, যুব ব্লাড বক্স অব বাংলাদেশ, টেডোরিয়া, যুব শক্তি ব্লাড ফাউন্ডেশন ও ব্রাইট ওয়ে ইয়ুথ অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে অন্তর্ভুক্ত করা গেলে সমাজে সহমর্মিতা, সচেতনতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। মানুষের বিপদ-আপদে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা সামাজিক দায়িত্ববোধের প্রকাশ।

বক্তারা আরও বলেন, স্বপ্নতরীর পাঁচ বছরের যাত্রায় তরুণদের স্বেচ্ছাসেবায় যুক্ত করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংগঠনের সদস্যরা জানান, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে স্বপ্নতরী। সংগঠনের এই যাত্রায় স্বেচ্ছাসেবক, সহযোগী সংগঠন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ শক্তি।

স্বপ্নতরীর পক্ষ থেকে জানানো হয়, পাঁচ বছর পূর্তি তাদের জন্য কেবল একটি উদযাপন নয়, বরং নতুন উদ্যমে মানুষের সেবায় এগিয়ে যাওয়ার প্রেরণা। আগামী দিনে আরও পরিকল্পিত, কার্যকর ও টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি বা বিলম্ব হলে অতিথি ও উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দর ও সফল করতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “পাঁচ বছর আমাদের গর্ব, আগামী দিনের সেবা আমাদের অঙ্গীকার।” মানবিকতার এই প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নতরী আগামীদিনেও স্বেচ্ছাসেবা ও সামাজিক কল্যাণ কাজ করতে চায়।

স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন
নিবন্ধন নং: ০৯৩
সৃষ্টির সেবাই আমাদের স্বপ্নতরী।