কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী শুভপুর ইউনিয়নের জুপুয়া গ্রাম পর্যন্ত বড় গ্রাম্য সড়ক মেরামত করলেন ঐতিহ্যবাহী মান্দারিয়া মিয়াজী বাড়ির কৃতিসন্তান,বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক মোঃ বেলাল মিয়াজী, বিদেশে থাকা মান্দারিয়ার প্রবাসী সদস্যরা ও গ্রামের সামাজিক ব্যক্তিবর্গরা।
কঠোর এই উদ্যোগ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্যবসায়ী বেলাল। তিনি গত এক সপ্তাহ ধরে সাধারণ মানুষের উপকারে আসার এই কাজ বাস্তবায়নের জন্য বিদেশে থাকা সকল প্রবাসী এবং মান্দারিয়া দক্ষিণ পাড়ার সামাজিক ব্যক্তিবর্গদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন।
সেই সভায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির এই সড়কের সমস্যার কথা উত্থাপন করা হলে সকলে একই মত পোষণ করেন। পরে সকলের সিদ্ধান্ত অনুযায়ী মান্দারিয়া দক্ষিণপাড়ার থেকে জুপুয়া সংযোগ সড়কটি নিজেদের অর্থে মেরামত করার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে বলা যায় গ্রাম্য এই সড়কটি খুব গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষের চলাচলের একমাত্র উপায়। কিন্তু গত দেড় যুগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পড়েনি।
লাগাতার এই সমস্যায় মানুষজনের ধৈর্য ও সহ্যের বাঁধ ভেঙে ফেলায় মান্দারিয়ার মতো দূরবর্তী এলাকার মানুষের আজ এই বড় উদ্যোগ গ্রহণ করা। বর্তমানে গ্রাম্য এই সড়কটি মেরামত করায় স্থানীয় জনগণের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে কিন্তু এটি টেকসইভাবে নির্মিত হয়নি। যে কোনো সময় লাগাতার বন্যার কারণে এটি ধসে যেতে পারে।
এজন্য স্থানীয় নির্বাচনী এলাকা চৌদ্দগ্রাম, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার বাসিন্দারা।