সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের মূল্যায়ন ও পরিকল্পনা সভা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর হিলটন টাওয়ারের ক্যাপসিক্যাম চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এই সভা আয়োজিত হয়। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি বি. এম মহিউদ্দিন মন্টির নেতৃত্বে সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ওমর ফারুক তাপস।
সভায় জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের ভূমিকা মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় সাংগঠনিক নানা বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ফরিদ উদ্দিন, জেলা কমিটির সহ-সভাপতি এবং এনটিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল আওয়াল সরকার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, দপ্তর সম্পাদক বাকী অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাফি, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার এনি এবং নির্বাহী সদস্য আলমগীর হোসেন বাচ্চু।
সভায় সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।