কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা দরগাহপাড়ার মো. শাহীন (২০) নামে এক যুবককে ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) সকালে আনুমানিক ১১টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী পালকি পরিবহনের বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালান।
তল্লাশির সময় বাসের শেষ সিটে থাকা যাত্রী মো. শাহীনকে (২০) সন্দেহজনক মনে হলে তাকে এবং আশেপাশের সিটগুলোতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার সিটের পেছন থেকে নতুনভাবে কালো পলিথিনে মোড়ানো ১ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহীন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়া এলাকার মো. আবদুল হাকিমের ছেলে।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য শাহীন, বাসের চালক ও হেলপার এবং বাসটি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহীন নিশ্চিত করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
পরবর্তীতে বাসের চালক, হেলপার ও বাসটি মুচলেকা গ্রহণের মাধ্যমে পালকি পরিবহনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান চলবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে কাজ করা উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।