প্রিন্ট এর তারিখ: আগস্ট ১, ২০২৬, ১২:৩৯ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১, ২০২৬, ১০:৩৩ এ.এম.

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওতে একটি সাদা সেডান কারে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয়:

১। নজির আহাম্মেদ (৪৪), পিতা-মৃত ফয়েজ আহাম্মেদ, গ্রাম- শীলবনিয়া পাড়া (০৭নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

২। মোঃ রিয়াজুল বখতিয়ার (৪৮), পিতা-মৃত কিতাব আলি বখতিয়ার, গ্রাম- পয়সা, থানা- আগৈলঝাড়া, জেলা- বরিশাল; বর্তমান ঠিকানা: খিলক্ষেত, উত্তরপাড়া, ঢাকা।

অভিযানের বিবরণ:

র‍্যাব-১৫ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে মাদকের একটি বড় চালান কক্সবাজার অভিমুখে যাওয়ার খবর পেয়ে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। দুপুর ১২:৪৫ ঘটিকায় সন্দেহভাজন সাদা সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় কারটিতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে সুকৌশলে লুকানো ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরোও পড়ুন

ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন

আসামির অপরাধ খতিয়ান (PCPR):

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার অপরাধের খতিয়ান (PCPR) যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘বিদেশী নাগরিক আইন’ (Foreigners Act)-সহ মোট ৬টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর বেশে মাদকের চালানটি সরবরাহ করা হচ্ছিল। উদ্ধারকৃত ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, প্রাইভেট কার ও মোবাইলসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।