মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আকস্মিক আনোয়ার সাদেক প্রকাশ গুডিশ্যা (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলাম (৩২)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন রফিকের অটোরিকশা গ্যারেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘সি’ ব্লকে আনোয়ার সাদেক প্রকাশ গুডিশ্যাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন আয়েশা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্তরা লুকিয়ে থাকায় তাদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৫।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ”গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”