মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান; দেশীয় অস্ত্রসহ ৭ জন জলদস্যু গ্রেফতার ও বিপুল পরিমাণ ডাকাতির সামগ্রী উদ্ধার।
গত ৯ জুলাই ২০২৬ সালে বৃহস্পতিবার দুপুর ৩ টায় চট্টগ্রামের সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূলে একটি মৎস্যবাহী নৌকা ডাকাতির শিকার হয়। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি জানাতে সক্ষম হয়। এর পর কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করে।
গত ১৩ জুলাই ২০২৬ সালে সোমবার দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ডের একটি আউটপোস্ট সারিকাইত এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সন্দ্বীপ থানার চৌধুরি বাজার ঘাটের কাছ থেকে ডাকাতির কাজে যুক্ত একটি মৎস্যবাহী নৌকা ও ৭ জন জলদস্যুকে আটক করেছে।
প্রাথমিক তদন্তে তারা ৯ জুলাইয়ে ঘটে যাওয়া ডাকাতির কথা স্বীকার করে। এ সময় আটক করা নৌকায় অনুসন্ধান চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার জাল, ১১০ লিটার ডিজেল এবং ৫টি মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র পাওয়া যায়।
গ্রেফতার হওয়া জলদস্যুদের, আটক করা সাক্ষ্যপ্রমাণ এবং উদ্ধারকৃত সামগ্রী নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম বর্তমানে চলছে।
দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।