শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার একটি গ্রামে বাঁশঝাড়ের নতুন চারা (কোরল) নষ্ট হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হামলার ঘটনায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাঁশঝাড়ের কোরল ভেঙে ফেলা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহিম এবং ভাতিজা নাইম ইসলামের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্তরা তাকে পেরেক লাগানো বাঁশ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মেয়ে হোসনেয়ারা খাতুন বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে আটক করে। অন্য অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শেরপুর থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

