Site icon দৈনিক নবদিগন্ত

ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রী

ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রী

মিরাজ হোসেন, ভোলা:

ভোলা জেলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর মুক্তির দাবিতে তাঁর সমর্থকরা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল বের করে এবং একপর্যায়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে আসা একটি লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড জাকির ফরাজীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তি ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরে থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, তাঁর সমর্থকদের দাবি—জাকির ফরাজী নির্দোষ এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অবরোধ চলাকালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরীক্ষার্থীরা। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Exit mobile version