মিরাজ হোসেন, ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই অভিযানে মোট ৭৫০ পিস ইয়াবাসহ নারী-পুরুষসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকায় এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, প্রথম অভিযানে বিকেল ৫টা ৫ মিনিটে ল্যাংড়ার ব্রিজ থেকে লেবু কাটা সড়ক এলাকায় অভিযান চালিয়ে সিরাজ আইটার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশ থেকে মোঃ শামিম (১৯), পিতা মোঃ শফিকুল ইসলাম-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই এলাকায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোঃ জাকির হোসেন (৩৮), পিতা মৃত বাদশা মিয়া এবং তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে

