মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মো. ইসমাঈল মাঝি (৪২) নামের এক জেলে।
শনিবার (২ মে) দুপুরে দৌলতখান উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছিরমাঝি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল মাঝি একাই নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়ের কবলে পড়েন।
প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে তার নৌকাটি ডুবে যায়। এ সময় নাছিরমাঝি ঘাটগামী একটি যাত্রীবাহী খেয়া ট্রলারের যাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন এবং নৌকাটি তীরে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া জেলে জানান, আকস্মিক ঝড়ে কিছু বুঝে ওঠার আগেই নৌকা ডুবে যায়। এ ঘটনায় তার জাল ও নৌকাসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ইলিশা নৌ-থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ কালবৈশাখী ঝড়ে নদীতে থাকা জেলেরা প্রায়ই ঝুঁকিতে পড়েন। এ অবস্থায় নদীতে মাছ ধরতে গেলে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

