প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৯:৪৯ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৩:৪৬ পি.এম.

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী

এম এইচ কামাল, বরিশাল  প্রতিনিধি :

রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন উপলক্ষ্যে বাকেরগঞ্জে  ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায় বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন ও বাকেরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পৌর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন অভিযান অনুষ্ঠিত হয়।

​সকালে বাকেরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পুরাতন লঞ্চঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে সড়কের দুপাশ ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে স্প্রে ও ফগিংয়ের মাধ্যমে ওষুধ ছিটানো হয়।

​অভিযানে উপস্থিত থেকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র রায় বলেন, “যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে আসুন আমরা সবাই নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি। শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার এই অভিযানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু ও মশক নিধন অভিযানকে সফল করে তুলতে হবে।”

​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

​র‍্যালি ও অভিযানকালে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।