প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৫১ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:১৫ পি.এম.

বোরহানউদ্দিনে GPS ট্র্যাকিংয়ে চোরাই R15-M উদ্ধার, গ্রেপ্তার ২

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে চুরি যাওয়া R15-M মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটরসাইকেলটির সঙ্গে সংযুক্ত GPS ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার ৩ নম্বর দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবির বিশ্বাসের সিএইচপি পরিত্যক্ত ইটভাটার সামনে রাস্তা থেকে মো. সিয়াম হোসেন রনির (২১) একটি R15-M মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার পর বোরহানউদ্দিন থানা পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পাশাপাশি মোটরসাইকেলটির সঙ্গে আগে থেকেই সংযুক্ত GPS ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। GPS-এর মাধ্যমে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের সহযোগিতায় ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টার দিকে লাহারহাট স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে চুরি যাওয়া মোটরসাইকেলসহ মো. শাকিল হোসেন (২২) ও মো. নিহাদ (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে মোটরসাইকেলটির মালিক সেটি শনাক্ত করলে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার দুইজন হলেন—মো. শাকিল হোসেন (২২), পিতা মো. আলমগীর এবং মো. নিহাদ (১৯), পিতা মো. হাসান। তারা উভয়েই বোরহানউদ্দিন উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মো. সিয়াম হোসেন রনি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। মামলাটি বোরহানউদ্দিন থানার মামলা নম্বর-০৮, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬; এতে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে। দ্রুত সময়ে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বোরহানউদ্দিন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।