বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কাজ চালিয়ে রাখতে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উপমা ফারিশা দ্বারা স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কাজ চালিয়ে রাখতে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
তিনি আরো জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নিয়মিত কাজ বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সেবামূলক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে, সে লক্ষ্যেই এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
তিনি বলেন, উপজেলার চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় চেয়ারম্যানরা তাদের কাজ চালিয়ে যাবেন।
তিনি আশা করেন- এ সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১ টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের ফলে পরিষদের কার্যক্রম চলমান থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে।