মো: আল-মাহফুজ শাওন
স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগরে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট সমাধান, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) বিকাল ৫টায় নগরীর নিউমার্কেট এলাকার বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হবে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সাম্প্রতিক জ্বালানি সংকট, লোডশেডিং, শিল্প উৎপাদনে ব্যাঘাত, শিক্ষার্থীদের ভোগান্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুলে ধরা হবে। একই সঙ্গে দ্রুত কার্যকর সমাধানের দাবি জানানো হবে।
আয়োজকরা বলেন, “জনজীবন বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতেই এই কর্মসূচি।”
তারা আরও জানান, মিছিল সফল করতে নগরজুড়ে প্রচারণা চলছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

