রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি তেলের বর্তমান সংকট আংশিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, সরবরাহ ঘাটতির পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এতে তেলের দাম বেড়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তবে এর পেছনে শুধু সরবরাহ ঘাটতি নয়, কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কিছু ব্যবসায়ী জ্বালানি তেল নিয়ে কালোবাজারি করছে। এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
দেশের স্থিতিশীলতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, কিছু মহল রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করতে চায়। জনগণকে সতর্ক থেকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্ত ৬২৮ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দপত্র বিতরণ করা হয়।

