মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে গড়িনাবাড়ী ইউনিয়নের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার বাসিন্দা শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফের একটি টহল দল তাদের আটক করে নিয়ে যায়।
পরবর্তীতে তাদের বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্প বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দুই কিশোরকে ফেরত আনার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

