Site icon দৈনিক নবদিগন্ত

আশুলিয়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:

ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, চাইনিজ কুড়াল, সুইস গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (২১ এপ্রিল) রাতে আশুলিয়ার শ্রীপুর মুক্তা পাম্প সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় মহাসড়কে পণ্যবাহী যানবাহন টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মো. শহিদুল ইসলাম (৪৪), মো. আব্দুর রহিম (৪০), মো. জুয়েল রানা (৪২), মো. মিজান শেখ (৫০), মো. জহুরুল ইসলাম (৪১) এবং মো. আব্দুল মমিন (৪০)।

তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মহাসড়কে গরুর গাড়ি, চিনি, চাল, তেল ও রডবাহী ট্রাকসহ নানা পণ্যবাহী যানবাহন টার্গেট করে ডাকাতি চালিয়ে আসছিল। অভিযানকালে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও দুটি সুইস গিয়ার চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version