দৈনিক নবদিগন্ত

মৃত্যুর আগে মেয়ের হত্যার বিচার দেখতে চান তনুর বাবা

মৃত্যুর আগে মেয়ের হত্যার বিচার দেখতে চান তনুর বাবা

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে আবারও আশার আলো দেখছে তার পরিবার। মামলার তদন্ত অগ্রগতি জানতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. তরিকুল ইসলামকে কুমিল্লার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাতে তনুর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আদালত থেকে তদন্তের অগ্রগতি জানতে চিঠি পাঠানোর পর সোমবার (৬ এপ্রিল) তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেবেন। রাত ১১টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এর আগে গত বছরের ৭ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল কুমিল্লা সেনানিবাস এলাকা পরিদর্শন করেন এবং তনুর বাবা ইয়ার হোসেনের সঙ্গে কথা বলেন। বর্তমানে তিনি এই মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা।

তিনি জানান, আদালত তদন্তের বর্তমান অবস্থা জানতে চেয়েছে, তবে এখনই চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না। আদালতে তদন্ত সংক্রান্ত কিছু বিষয় তুলে ধরা হবে, এর বেশি মন্তব্য করা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাস এলাকার একটি জঙ্গলে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন থানা পুলিশ, ডিবি এবং সিআইডি তদন্ত করেও মামলার রহস্য উদঘাটন করতে পারেনি।

২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিভিন্ন সময়ে একাধিক কর্মকর্তা তদন্তের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির দায়িত্ব নেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি বিভিন্ন জায়গায় সাক্ষ্য দিয়েছেন, কিন্তু এখনো কোনো বিচার পাননি। তিনি আশা করেন, নতুন সরকারের সময়েই যেন মেয়ের হত্যার বিচার দেখে যেতে পারেন।

Exit mobile version