দৈনিক নবদিগন্ত

লাখাইয়ে ওএমএসের চাল পাচার: ছাত্রদল নেতা রতন কারাগারে

লাখাইয়ে ওএমএসের চাল পাচার: ছাত্রদল নেতা রতন কারাগারে

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল পাচারের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, জাকারিয়া চৌধুরী রতন লাখাই উপজেলার করাব গ্রামের মৃত কচির মিয়া চৌধুরীর ছেলে। তিনি করাব ইউনিয়নে ওএমএস ডিলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিলার হওয়ার পর থেকেই সরকারি চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি স্থানীয়দের সমালোচনার মুখে ছিলেন।

অভিযোগ রয়েছে, রোববার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা সরকারি চাল পাচারের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরে নেওয়ার সময় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরও চাল সরিয়ে ফেলার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ওইদিন রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচার করা চাল উদ্ধার করে। সব মিলিয়ে মোট ১৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি চাল আত্মসাৎ ও পাচারের অভিযোগে আটক রতনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Exit mobile version