প্রিন্ট এর তারিখ: জুলাই ২১, ২০২৬, ১:৩৯ পি.এম. || প্রকাশের তারিখ: মার্চ ২৭, ২০২৬, ১:২৯ পি.এম.

আত্মগোপন শেষে বাড়ি ফিরতেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন চলাকালে গঙ্গাচড়া উপজেলায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় আজিজুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পর থেকেই আজিজুল ইসলাম আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজিজুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।