দৈনিক নবদিগন্ত

বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা

বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা

সংগ্রহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা স্থানীয় রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। সম্প্রতি দুই মাস আগে তার বিয়ে হয়েছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক হেলমেট পরে বাড়িতে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে ধাওয়া করে। পরিস্থিতি বুঝে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। সেখানেই তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসেই বাগেরহাটে আরও দুটি গুলির ঘটনা ঘটে। ৭ মার্চ মোল্লাহাট উপজেলায় নূর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ১৪ মার্চ একই এলাকায় সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version