দৈনিক নবদিগন্ত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কুরআন ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কুরআন ও সীরাত প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ

ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় কুরআন ও সীরাতভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

সোমবার সকাল ১০টায় ভূঁইয়াবাড়ী মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা ইবরাহীম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান টিটু। এছাড়া উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি আবদুল আউয়াল হামদু, ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম সুমন, শহীদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, বাবলু, কাফি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান টিটু বলেন, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ইবাদতের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই ধর্মীয় চর্চার প্রতি উৎসাহিত করা প্রয়োজন। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় যারা নিয়মিত নামাজ আদায়, কুরআন খতম এবং নৈতিক জীবনযাপনে সচেষ্ট ছিল, তাদের পুরস্কৃত করা হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বাইসাইকেল, স্কুল ব্যাগ, পানির কল, প্যাডসহ বিভিন্ন উপহার সামগ্রী এবং নারীদের জন্য হিজাব প্রদান করা হয়। অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসব পুরস্কার তুলে দেন।

এই আয়োজনের মাধ্যমে সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং শিক্ষার্থীদের ইতিবাচক পথে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে।

Exit mobile version