সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
সোমবার নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ এবং দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন এবং ইমজার সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।
মাহফিলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আবু আইউব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

