Site icon দৈনিক নবদিগন্ত

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা এবং দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে এসব সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার উত্তর পাকুল্যা গ্রামের বাসিন্দা আতিকুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের নাজিরহাট উপজেলার মো. ফয়সাল আহমেদ এবং সাভার জেলার আশুলিয়া উপজেলার বিরুলিয়া গ্রামের সুমন মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় বংশাই নদীতে বাদ দিয়ে ফসলি জমিতে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। পরে সেই মাটি অন্যত্র ইটভাটাসহ জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সেখানে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আতিকুল, সুমন, ফয়সালকে আটক করা হয়। পরে তাদের দোষী সাব্যস্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয় এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, নদে বাঁধ দিয়ে মাটি কাটা হচ্ছে এমন সংবাদে অভিযান চালানো হয়েছে। এ অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version